চট্টগ্রামে নিষেধাজ্ঞার মধ্যে ‘পেশাজীবীদের’ সমাবেশ
নিষেধাজ্ঞার মধ্যেই চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে বিএনপি সমর্থিত পেশাজীবী সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার বেলা ৪টার দিকে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের মাঠে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশে আনুমানিক ত্রিশজন পেশাজীবী ছাড়াও বিএনপির প্রায় দুইশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, পেশাজীবী নেতা ডা. খুরশীদ জামিল বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ পেশাজীবী নেতারা।
এর আগে সকালে চট্টগ্রামে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে মহানগর পুলিশ।
নিষেধাজ্ঞার মধ্যে বিএনপি অফিসের সামনের মাঠে সমাবেশ প্রসঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষেধাজ্ঞা অনুসারে পেশাজীবীরা এ সমাবেশ করতে পারে না। আমরা বিষয়টি দেখছি।”
পেশাজীবীদের এ কর্মসূচিটি নগরীর ওয়াসা মোড়ে বেলা আড়াইটায় হওয়ার কথা ছিল। পুলিশি বাধার কারণে সেখান থেকে পায়ে হেঁটে নগরীর ভিআইপি টাওয়ারের সামনে এসে ডা. খুরশীদ জামিল সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় কেন্দ্রী ভাইস চেয়ারম্যান নোমান তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ে চলে যান।
এর আগে মীর নাছির আলমাস মোড়ে সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তার অনুসরীরা বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং তারা তিনটি যানবাহন ভাংচুর করে।
এরপরে মহিলাদলের কর্মীরা মিছিলের চেষ্টা চালালে পুলিশ তাতে বাধা দেয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।
একইসময়ে নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু তার মেহেদীবাগের বাসা থেকে গোলাম আকবর খোন্দকারসহ ৩০-৪০ জন কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
পরবর্তীতে আমীর খসরু কয়েকজনকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে নাসিমন ভবনের কার্যালয়ে যান।
