পবায় ১৮ দলের মঞ্চ তৈরিতে পুলিশের বাধা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশের জন্য রাজশাহীর পবায় মঞ্চ করতে দেয়নি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর উপকণ্ঠে পবা উপজেলার কাটাখালী পৌরসভা এলাকার সিনেমা হলের সামনে মঞ্চ তৈরির সময় পুলিশ বাধা দেয়।
পবা বিএনপির সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম বাচ্চু বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে ১৮ দলের জেলা নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। এ সমাবেশের অনুমতি চেয়ে ১৮ অক্টোবর মহানগর পুলিশের কাছে আবেদনও করা হয়েছিল।
যেকোনো মূল্যে বিক্ষোভ সমাবেশ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, “কিন্তু পুলিশ অনুমতি দিয়ে মঞ্চ করতে বাধা দেয়।”
মতিহার থানার ওসি আব্দুস সোবহান বলেন, বিক্ষোভ মিছিল করার অনুমতি দেয়া হয়েছে। তবে তারা মহাসড়কের পাশে মঞ্চ করে দিনভর বিক্ষোভ সমাবেশ করলে যান চলাচল বিঘ্ন ও নাশকতার আশঙ্কায় মঞ্চ তৈরির অনুমতি দেয়া হয়নি।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো রাজশাহীতেও একই দিনে পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
