২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রয়োজনে আইনের সর্বোচ্চ ব্যবহার’

বিরোধী দল নিষেধাজ্ঞার মধ্যে যে কোনোভাবে সমাবেশ করার ঘোষণা দিলেও বড় ধরনের অরাজকতার আশঙ্কা সরকারের নীতি নির্ধারকরা দেখছেন না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 03:42 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

তবে তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সরকার ‘আইনের সর্বোচ্চ’ ব্যবহার করতে প্রস্তুত বলে জানিয়েছেন সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী।

ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম এই নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনারা যা ভাবছেন- সে রকম কিছু হবে না। কিছু হয়তো হবে, তবে বিশাল কিছু হবে বলে আমাদের মনে হয় না। আমাদের কাছেও তো কিছু ইনফরমেশন থাকে।”

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে ‘এই সময়ে’ নাগরিকদের নিরাপত্তার বিষয়টিতে সরকার ‘সর্বোচ্চ’ গুরুত্ব দিচ্ছে।

“আমাদের দায়িত্ব হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। প্রয়োজন দেখা দিলে আমরা আইনের সর্বোচ্চ ব্যবহার করব।”

এদিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সদস্য বলেছেন, তারা সাংগঠনিকভাবেও পরিস্থিতি ‘মোকাবেলার’ প্রস্তুতি নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, শুক্রবার পল্টন ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান অথবা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করার জন্য তারা ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছেন।

এর আগে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা মহানগর নাট্যমঞ্চ ও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। তা না পেয়ে বৃহস্পতিবার নয়া পল্টনের জন্য আবারো লিখিত আবেদন করে।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে।

শুক্রবার ঢাকায় আওয়ামী লীগ এবং বিরোধীদলের কর্মকাণ্ড পর্যবেক্ষণে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকৈ বারোটি ‘টিম’ করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের এক কেন্দ্রীয় নেতা।

মহানগর আওয়ামী লীগের বৈঠকে বিরোধীদলের ‘যে কোনো ষড়যন্ত্র’ প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

তিনি বলেছেন, “আপনারা রাজপথে প্রস্তুত থাকুন। তাদের দা-বল্লমের হুমকির জবাব কীভাবে দিতে হয়- বাংলার মানুষ তা জানে।”

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ঢাকায় শুক্রবারের সমাবেশ করার জন্য দা-কুড়াল নিয়ে কর্মীদের প্রস্তত থাকতে বলার পর আওয়ামী লীগও মাঠে থাকার ঘোষণা দেয়। এ নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টির প্রেক্ষাপটে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ।    

একইভাবে পাল্টাপাল্টি জনসভার ঘোষণা আসায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনা নগরীতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বর্ধিত সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেন, “আগামীকাল জামাত-শিবির বিভিন্ন জায়গায় নাশকতা করতে পারে বলে আমাদের কাছে খবর আছে। গত দুদিন ধরে তারা দেশের বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করেছে।”

শুক্রবার জুমার নামাজের পর জামায়াত যাতে ‘বাংলাদেশকে আফগানিস্তানে’ পরিণত করার চেষ্টা করতে না পারে সেজন্য কর্মীদের সতর্ক থাকতে বলেন তিনি।

“আগামীকাল সকাল থেকেই অতন্দ্রপ্রহরীর মতো আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাজপথে থাকতে হবে।”

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “পাড়া-মহল্লায় অপরিচিত সন্দেহভাজন কাউকে দেখলে তাকে পুলিশে সোপর্দ করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি-জামাতের নাশকতা রুখে দিতে হবে।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া জানান, পুলিশ অনুমতি দিলে তারা সমাবেশ করবেন। আর তা না হলে নেতাকর্মীদের নিয়ে ‘সতর্ক’ থাকবেন,  যাতে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।