২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসের জন্য উঠছে হেফাজতে নির্যাতন রোধের বিল

আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যু ঠেকাতে এবং বাবা-মার ভরপোষণ নিশ্চিতে দুটি বেসরকারি বিল সংসদে পাসের জন্য তোলা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

জাতীয় সংসদের বৃহস্পতিবারের কার্যসূচি থেকে এ তথ্য জানা গেছে। আগের দিন সংসদের কার‌্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রী ছাড়া অন্য সদস্যরা আইন প্রণয়নের প্রস্তাব দিয়ে কোনো বিল আনলে তা বেসরকারি বিল হিসেবে বিবেচিত হয়।

জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ২০১১ সালে বাবা-মার ভরণপোষণ নিশ্চিত করতে জাতীয় সংসদে একটি বিল আনেন।

এর আগে ২০০৯ সালে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যু ঠেকাতে আরেকটি বিল আনেন আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী। বিলে আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনায় বিচারের বিধান রাখার প্রস্তাব করা হয়।

চলতি সংসদে সর্বশেষ ২০১১ সালে সাবের হোসেন চৌধুরীর ‘দ্যা লেপারস(রিপিল) অ্যাক্ট, ২০১১’সংসদে পাস হয়।

এর আগে নয়টি সংসদে সব মিলিয়ে মোট সাতটি বেসরকারি বিল পাস হয়েছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর থেকে আটটি সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত মোট ২৫৫টি বিলের মধ্যে পাস হয়েছে মাত্র ছয়টি। পাস হওয়া এই বিলগুলোর বেশির ভাগই আবার শাসক দলের স্বার্থ সংশ্লিষ্ট।

এর মধ্যে অষ্টম সংসদে উত্থাপিত ৫৪টি বিলের মধ্যে শুধু ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন (রহিতকরণ) বিল-২০০২’ পাস হয়।বিএনপির শামসুল আলম প্রামাণিক ওই বিল তুলেছিলেন।

সপ্তম সংসদে উত্থাপিত ৫১টি বিলের মধ্যে পাস হয় শুধু ‘জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বিল-২০০১’। তখন বিলটি তোলেন আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী। পঞ্চম সংসদে উত্থাপিত ৭৪টি বিলের মধ্যে শুধু ‘সংসদ সদস্যদের ভাতা ও সুযোগ-সুবিধা বিল-১৯৯৩’ পাস হয়।

তৃতীয় সংসদে উত্থাপিত পাঁচটি বিলের মধ্যে ‘বাংলা ভাষা প্রচলন বিল-১৯৮৭’ এবং দ্বিতীয় সংসদে উত্থাপিত ৪৮টি বেসরকারি বিলের মধ্যে ‘বিবাহে যৌতুক নিষিদ্ধকরণ বিল-১৯৮০’ ও ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-১৯৮০’ পাস হয়।

এ ছাড়া চতুর্থ সংসদে ছয়টি বেসরকারি বিল উত্থাপিত হলেও একটিও পাস হয়নি। আর প্রথম ও ষষ্ঠ সংসদে কোনো বেসরকারি বিল উত্থাপিত হয়নি।