কার্যপ্রণালী বিধি মেনে প্রস্তাব দিন: তোফায়েল
নির্বাচনকালীন সরকারের প্রস্তাব নিয়ে বিএনপি প্রধানমন্ত্রীকে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানানোর পর তাদের ‘কার্যপ্রণালী বিধি মেনে আনুষ্ঠানিকভাবে’ প্রস্তাব উত্থাপনের আহবান জানিয়েছে ক্ষমতাসীন দল।
বুধবার সংসদের মুলতবি অধিবেশন শুরুর পর মাগরিবের বিরতি শেষে অধিবেশনে যোগ দিয়ে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলীয় নেতার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবটি পড়ে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার।
এরপর বক্তব্য দিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ বিরোধী দলের উদ্দেশে বলেন, “আপনারা কার্যপ্রণালী বিধি মেনে সুনির্দিষ্টভাবে আপনাদের প্রস্তাব দেন ।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য গত বাজেট অধিবেশনে মুলতবি প্রস্তাব দিয়েও বিরোধীদল তা প্রত্যাহার করে নেয়।
এ বিষয়টি উল্লেখ করে তোফায়েল বলেন, কার্যপ্রণালী বিধি মেনে প্রস্তাব দিলে ‘সবাই মিলে’ এ বিষয়ে আলোচনা হতে পারে।
তিনি বলেন, “সবাইকে মানবেন। শেখ হাসিনাকে মানবেন না। এটা কোন স্টাইল।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রস্তাব প্রসঙ্গে তোফায়েল বলেন, “উনার একটু মিসটেক আছে। দুই সরকারের উপদেষ্টা ১৮ জন। দুই জন উপদেষ্টা দুই সরকারের উপদেষ্টা ছিলেন। তাই সংখ্যাটা ২০ জন নয়। ১৮ জন।”
বিরোধীদলের প্রস্তাব বাস্তবায়ন করতে গেলে সংবিধানের সংশোধনের প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
তোফায়েল বলেন, “এটা একবারের জন্য? নাকি সংবিধানের সংশোধন দরকার।”
১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর তখনকার তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছিলেন, তাও সংসদের সামনে তুলে ধরেন তোফায়েল।
“যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হয়- সেভাবে কী উপদেষ্টা নির্বাচন সম্ভব?”
দশম সংসদ নির্বাচন সামনে রেখে জনমনে রাজনৈতিক সংঘাতের আশঙ্কার মধ্যেই গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সরকারের জন্য বিরোধী দলের কাছে নামও চান তিনি।
সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ওই প্রস্তাব নাকচ করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। এর বদলে তিনি নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের পাল্টা প্রস্তাব দেন।
তার প্রস্তাব অনুযায়ী, ১৯৯৬ ও ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের ২০ উপদেষ্টার মধ্যে থেকে ১০ জনকে নিয়ে এ সরকার হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি পাঁচটি করে নাম প্রস্তাব করবে।
আর ক্ষমতাসীন ও বিরোধীদলের ‘ঐক্যমতের ভিত্তিতে’ সকলের কাছে গ্রহণযোগ্য একজন ‘সম্মানিত নাগরিককে’ এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হবে।
সাংবিধানিকভাবে কীভাবে এই সরকার গঠন করা যায়- তারও একটি প্রস্তাব দেন খালেদা জিয়া।
তিনি বলেন, রাষ্ট্রপতি, স্পিকার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের যেভাবে সংসদে নির্বাচিত করা হয়, ঠিক সেইভাবে ওই অন্তবর্তীকালীন সরকারকে ‘নির্বাচিত’ করে দিতে হবে। আর তা করতে হবে বর্তমান সংসদ ভেঙে যাওয়ার আগেই।
