‘অবহেলায় মৃত্যু’, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামলা
চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে স্বজনরা হামলা ও ভাংচুর করেছে।
বুধবার সকালে এ ঘটনার পর প্রসূতির স্বামীসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। হামলায় আহত দুই কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুগিয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রিক্তা খাতুন (২০) জানান, মঙ্গলবার সকালে প্রসব বেদনা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করতে বলেন। এরপর রাত ৩টার দিকে অবস্থা খুব খারাপ হলেও ডাক্তাররা কোনো ব্যবস্থা নেননি।
বুধবার সকালে তরিঘরি করে সিজার করে ডেলিভারি করানো হয়।
সিজার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সন্তান জীবিত ছিল বলে তিনি অনুভব করতে পেরেছিলেন, রিক্তার দাবি।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. নাজমা জানান, ডেলিভারির ক্ষেত্রে তার চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। স্বাভাবিক ডেলিভারি না হওয়ায় যথারীতি তাকে সিজার করে ডেলিভারি করানো হয় এবং এ সময় বাচ্চাটিকে পেটের মধ্যেই মৃত পাওয়া যায়।
অথচ কোনো কারণ ছাড়াই রোগীর লোকজন হঠাৎ হাসপাতালের চিকিৎসকসহ স্টাফদের উপর হামলা চালায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি বেলায়েত হোসেন জানান, হাসপাতালে হামলা ও ভাংচুরের সংবাদ পাওয়ার পর পুলিশ গিয়ে ৬ জনকে আটক করেছে।
আটকরা হলেন কুষ্টিয়া সদরের জুগিয়া গ্রামের বাসিন্দা কলেজছাত্র কামরুজ্জামান (২১), কলেজছাত্র আসাদুল ইসলাম (২২), প্রসূতির স্বামী জহুরুল ইসলাম (২৫), শহরের রেনউইক পাড়ার কলেজছাত্র সোহান (২২), থানাপাড়ার কলেজছাত্র হাবিবুর রহমান (২৩) এবং হাটশ হরিপুরের কলেজছাত্র শাহিনুর রহমান (২২)।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার শরিফুল ইসলাম জানান, হামলায় আহত ৯নং গাইনি ওয়ার্ডের ক্লিনার আসমা ও সিকিউরিটি ইয়াসমিনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
