চট্টগ্রাম বন্দরের ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
আইন লংঘন করে বিভিন্ন দৈনিকে ক্রয় সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে চট্টগ্রাম বন্দরের ছয় কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ- সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদি হয়ে বুধবার সকালে নগরীর বন্দর থানায় এ মামলাগুলো করেন।
চট্টগ্রাম বন্দরের উপ-প্রধান প্রকৌশলী (মেরিন) খোরশেদ আলম, নির্বাহী প্রকৌশলী (মেরিন) আমিনুল ইসলাম, উপ-প্রধান অর্থ কর্মকর্তা সন্দীপন চৌধুরী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও বর্তমান ওয়ার্কশপ ব্যবস্থাপক এএসএম শাহজাহান, সহকারী হার্বার মাস্টার নূর আহমদ চৌধুরী ও সহকারী কারখানা ব্যবস্থাপক আবদুর রাজ্জাককে মামলায় আসামি করা হয়েছে।
বাদি শহীদুল আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা ক্ষমতার অপব্যবহার এবং পরস্পর যোগসাজসে দরপত্র বিধিমালা লংঘন করে বিভিন্ন দৈনিকে ক্রয় সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছে।”
তিনি জানান, দুটি মামলায় পাঁচজন এবং একটি মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।
উপ-প্রধান প্রকৌশলী খোরশেদ আলম, নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপ-প্রধান অর্থ কর্মকর্তা সন্দীপন চৌধুরী ও সহকারী হার্বার মাস্টার নূর আহমদ চৌধুরীকে তিনটি মামলায়ই আসামি করা হয়েছে।
