হোটেল কক্ষে বৃদ্ধের লাশ
রাজধানীর কাকরাইল এলাকার একটি আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম মো. শাহজাহান হাওলাদার (৬০)।
পটুয়াখালী জেলার দুমকী থানার আঙ্গারিয়া গ্রামে তিনি পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মৃতের বড় ছেলে মামুন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার বাবা আঙ্গারিয়া বাহিরের চর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
গত ২০ অক্টোবর ঢাকায় হৃদরোগের চিকিৎসা নিতে ঢাকা এসে কাকরাইলের এই হোটেলটিতে উঠেন তিনি।
সেখানে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে বলে ধারণা তার।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, দুপুর সাড়ে ৩টার দিকে ‘হোটেল বিজয়নগর’ এর ৩১০ নম্বর কক্ষ ভেঙে পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে।
তিনি জানান, দুপুর একটার দিকে হোটেলের লোকেরা দুপুরে তিনি কি খাবেন জানতে তার কক্ষের কড়া নাড়েন। অনেকক্ষণ কড়া নাড়ার পরও কোন ধরনের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন তারা।
এরপরই পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে।
মৃতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, মৃতের পরিবার দাবি করেছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
