চাঁদপুরে জাল ও ইলিশ আটক, ১৮ জেলে দণ্ডিত
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় জাল ও ইলিশসহ ১৮ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালায় কোস্টগার্ড ও নৌ পুলিশ।
এ সময় ২২০ কেজি ইলিশ ও ৩ লাখ ৫৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আটক ১৮ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
এরা হলেন আলমগীর শেখ, নয়ন শেখ, ফারুক ছৈয়াল, অলু পাটওয়ারী, মাফু মাঝি, গণি পাটওয়ারী, আব্দুল মফিজ, স্বপন খান, বিল্লাল রাঢ়ী, শাহজান ভূঁইয়া, সোহেল, হারুন বেপারী, জয়নাল আবেদীন, ইয়াসিন, শাহাদাত, হাসানাত, আক্তার শেখ ও সাহাদাত শেখ।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার মো. মাহফুজুল ইসলাম জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা ২শ’ ২০ কেজি ইলিশ ও ১ লাখ ৫৫ হাজার মিটার জাল আটক করে।
তিনি বলেন, “আটক ইলিশ শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল শহরের ডাকাতিয়া নদীতীরে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।”
১১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ইলিশ বিচরণের নদীগুলোতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় মাছ ধরা, পরিবহন, বিপনন ও সংরক্ষণ করাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
