কুড়িগ্রামে আগুনে ২০ দোকান-গুদাম পুড়ে ছাই
কুড়িগ্রাম শহরে একটি বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২০টি দোকান ও গুদামে পুড়ে ভস্মিভূত হয়েছে।
এতে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। আগুন নেভাতে গিয়ে অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মী আহত হয়েছেন।
কুড়িগ্রাম পৌরসভার মেয়র নূর ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম বাজারের হার্ড পয়েন্ট হার্ডওয়্যার পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে কুড়িগ্রাম অগ্নিনির্বাপক বাহিনীর চারটি ইউনিট।
কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হার্ড পয়েন্টে মূল ব্যবসা কেন্দ্রের ২০টি হার্ডওয়্যারের দোকান ও গুদাম পুরোপুরি পুড়ে গেছে।
“এতে প্রায় পাঁচ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এলাকাবাসী জানায়, দোকান ও গুদামগুলোতে রঙ, স্প্রিট ও রাসায়নিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।
