সিরাজগঞ্জে বিএনপির হরতালে বিস্ফোরণ-ভাংচুর
হাতবোমার বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে সিরাজগঞ্জে আধাবেলা হরতাল করেছে বিএনপি।
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত এই হরতাল করে দলটি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শহরের জগাইমোড়, কাঠেরপুল, টুকু ব্রীজ ও কাঁচাবাজার এলাকায় হরতাল সমর্থকরা পিকেটিংয়ের চেষ্টা করলে কাঁদানে গ্যাসের শেল ও রবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল সমর্থকরা সকালে শহরের বড়বাজার এলাকায় পুলিশের ভ্যান লক্ষ্য করে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে কেউ হতাহত হয়নি।
প্রায় একই সময় এনায়েতপুরের কেজির মোড় ও মণ্ডলপাড়ায় দুটি অটোরিক্সা ও একটি ট্রাক ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা।
তবে হরতালের কারণে ঢাকা থেকে উত্তরাবঙ্গে চলাচলকারী যানবাহন চলাচলে কোন ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচলও ছিল স্বাভাবিক।
হরতালে নাশকতা ঠেকাতে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
গত ২০ অক্টোবর সিরাজগঞ্জে জেলা বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাসভবন ও পলি ক্লিনিকে হামলা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষও হয়।
এ ঘটনায় পুলিশ ও মুন্নার ভাগিনা রিজভী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন, যাতে স্থানীয় বিএনপির অন্তত ছয় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
