২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় নৌকাডুবি: ৭২ ঘণ্টা পর ২ লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীতে নৌকাডুবির ৭২ ঘণ্টা পর নিখোঁজ তিন জনের মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 10:26 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিলাইদহ এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায়।

এরা হলেন ঈশ্বরদী উপজেলার ভারইমারী গ্রামের আজমল হোসেনের ছেলে রনি (৮) ও পাবনা সদরের নাজিরপুর গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে আব্দুর রউফ (৪০)।

নিহত রউফের ভাই আব্দুল আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় শিলাইদহ চরে তার ভাইয়ের মৃতদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের খবর দেন।

পরে তারা ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান।

একই সময়ে ওই চরের অপর প্রান্ত থেকে রনির মৃতদেহ উদ্ধার করা হয় বলেও তিনি জানান।

পরে নিজ নিজ গ্রামে তাদের সমাহিত করা হয়।

গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পাকশী ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় ৩০ জনের মতো যাত্রী ছিল। অধিকাংশ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও তিন জন নিখোঁজ থাকেন।

এখনো নিখোঁজ রয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার কোন্দপপুর গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হিয়া (৭)।