সেন্টমার্টিন নৌপথে কুতুবদিয়া জাহাজ বিকল
সেন্টমার্টিন দ্বীপ থেকে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে টেকনাফ ফেরার পথে এলসিটি কুতুবদিয়া নামে একটি জাহাজের ইঞ্জিন বিকল হওয়ার পর তিন ঘণ্টা চরম আতংকের মধ্যে ছিল যাত্রীরা।
সোমবার বিকাল ৪টায় রওয়ানা হয়ে প্রায় দুই ঘণ্টা বিলম্বে রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি টেকনাফ পৌঁছে।
তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে অনির্দিষ্টকালের জন্য ওই জাহাজটির চলাচল স্থগিত রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
মুঠোফোনে যাত্রীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে সেন্টমার্টিন ঘাট থেকে জাহাজটি যাত্রা করে ৫/৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়। জাহাজটি ভাসতে ভাসতে গভীর সাগরের দিকে যেতে থাকলে যাত্রীদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে। নারী-শিশুসহ অনেক যাত্রীকে এই সময় কাঁদতে দেখা যায়।
এ ব্যাপারে এলসিটি কুতুবদিয়া জাহাজের ইনচার্জ মো. আজিজের সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
টেকনাফের ইউএনও (ভারপ্রাপ্ত) সেলিনা কাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাজটি সাগরে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৩ ঘণ্টা ভাসমান ছিল। প্রাথমিক ব্যবস্থা হিসেবে ওই পথে জাহাজটির চলাচল স্থগিত করা হয়েছে।
