সোনারগাঁওয়ে ৬ জেলেকে জরিমানা
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ছয় জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে কোস্ট গার্ড ও থানা পুলিশের সহায়তায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান এ আদালত পরিচালনা করেন।
সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক জানান, মা ইলিশ মাছ সংরক্ষণের অংশ হিসেবে চালানো এ অভিযানে আট হাজার মিটার কারেন্ট জালসহ এ ছয় জেলেকে আটক করা হয়। এছাড়া এক হাজার মিটারের একটি ইলিশ ধরার টোনা জাল ও দুটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়।
আটকরা হলেন মো. বিল্লাল (৩১), মো. নূর হোসেন ( ৪৫), উজ্জ্বল ( ১৬), মো. আলমগীর (২৭), মিজান ( ১৮) ও মো. আনিস ( ২২)।
অভিযানে ইলিশ মাছ ধরার একটি জাল ও দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। আটকদের প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
এদিকে আদালত উদ্ধার করা কারেন্টজাল উপজেলা পরিষদ চত্বরে জ্বালিয়ে দিয়েছে।
ইলিশ সম্পদ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
