২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে গ্রেপ্তার যুবদল নেতার বিকালে মুক্তি

চট্টগ্রামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে সকালে গ্রেপ্তার হয়ে বিকালে জামিনে মুক্তি পেয়েছেন এক যুবদল নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারের নিজবাসা থেকে গ্রেপ্তার দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মমতাজ উদ্দিন (৪৮) পটিয়া থানাধীন জিরি ইউনিয়নের কাজীরহাট গ্রামের মৃত নুরুল আলমের ছেলে।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ মে কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় সোমবার ভোরে মমতাজকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়।

বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুলের আলমের আদালতে মমতাজকে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন বলে জানান আইনজীবী আবদুস সাত্তার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মামলার এজাহারে মমতাজের নাম উল্লেখ ছিল না। সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি উল্লেখ করায় আদালত মমতাজকে জামিন দিয়েছেন।