সিরাজগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৩০
সিরাজগঞ্জে বিএনপি ও পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার বিকাল থেকে কয়েকদফায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর সার্কেল এএসপি ফোরকান শিকদার।
প্রত্যক্ষদর্শী এই পুলিশ কর্মকর্তা বলেন, জেলা বিএনপির একটি মিছিল শহরের বড় বাজার এলাকায় পৌঁছে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে।
“এ সময় তাদের বাধা দিলে মিছিলের একটি অংশ এস এস রোডে অবস্থিত আওয়ামী লীগ নেতা হাবিবে মিল্লাত মুন্নার বাসভবন ও পলিক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে।”
এরপর অতিরিক্ত পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শহরের এস এস রোড ছাড়াও চামড়াপট্টি, রেলগেট, মালসাপাড়া ও নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানিয়েছেন, সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
