নওগাঁর মহাদেবপুরে ১৪৪ ধারা জারি
বিএনপির দুই গ্রুপ একইস্থানে অনুষ্ঠান আয়োজন করায় নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে উপজেলা প্রশাসন জানায়।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনূর রহমান জানান, রোববার বিকালে নওগাঁ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ফজলে হুদা বাবুল গ্রুপ রাইগাঁ বাজারে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।
একই সময়ে ওখানে বিএনপির সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দীকী গ্রুপের লোকজনও ঈদ পুনর্মিলনী আহবান করে।
আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে আশংকায় রাইগাঁ বাজার ও এর আশেপাশ এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়।
মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ জানান, রাইগাঁ বাজারে ১৪৪ ধারা জারির আদেশ হওয়ার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
