লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় নিহত ২
লক্ষ্মীপুর শহরে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হন ছয় জন।
শনিবার বিকালে কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, লক্ষ্মীপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা শহরের কাঠেরপোল এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা চট্টগ্রামগামী একটি চেয়ারকোচের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিএনজি চালক ইউছুফ হোসেন ছুট্টু (২৮) ঘটনাস্থলে নিহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর ওমর ফারুক (৩০) নামের যাত্রীর মৃত্যু হয়।
আহতরা হলেন মো. ফয়সাল (১৪), কুলছুমা বেগম (২২), সাইফুল ইসলাম (১৮), নুর জাহান (২০), আলমগীর হোসেন (২২) ও মনির হোসেন (২৬)। তাদের লক্ষ্মীপুর সদর ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
