ইসলামী ব্যাংকে ডাকাতি: ভল্ট খুলেছে ‘অ্যাসিড’ দিয়ে
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে হত্যা ও টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে।
ব্যাংকের ম্যানেজার মাহমুদ হাসান বাদী হয়ে শুক্রবার কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
ডাকাতরা অ্যাসিড দিয়ে ভল্টের তালা ভেঙেছে বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে।
ঈদের ছুটিতে এ ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে খুন করে ভণ্ট ভেঙে ৭২ লাখ ১১ হাজার টাকা লুট করে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় নিরাপত্তা প্রহরী আইয়ুব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
ব্যাংকের ম্যানেজার মাহমুদ হাসান জানান, ডাকাতরা নাইট্রিক অ্যাসিড দিয়ে ভল্টের তালা ভেঙেছে। এ সময় তারা হাতে গ্লাভস ব্যবহার করে, যাতে হাতের ছাপ পাওয়া না পায়।
ডাকাতরা যাওয়ার সময় ব্যাংকের সিসি ক্যামেরার ডিস্ক খুলে নিয়ে যায় বলেও জানান ম্যানেজার।
ইসলামী ব্যাংকের ওই ভবনের নিচ তলায় এটিএম বুথের নিরাপত্তা প্রহরী ইব্রাহিম হোসেন বলেন, নিহত প্রহরী আইয়ুব হোসেন রাত ৯টার দিকে নিজে গেট খুলে পাঁচ জনকে ব্যাংকের ভিতর ঢুকতে দেখেন।
তিনি আইয়ুব হোসেনকে এত রাতে ব্যাংকের ভিতর লোক ঢোকাতে নিষেধ করেছিলেন। আইয়ুব হোসেন বলেছিলেন, এরা তার পরিচিত। ৩য় তলার ভাড়াটিয়া কোম্পানির লোক।
ইব্রাহিম হোসেন এ কথার পর নিজ দায়িত্বে চলে যান বলে জানান।
র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের উপ-অধিনায়ক এএসপি হারুন অর রশিদ বলেন, তাদের গোয়েন্দা টিম ডাকাতদের ধরতে মাঠে নেমেছে।
র্যাব কর্মকর্তা জানান, ব্যাংক ভবন জহুরা প্লাজার মালিক এমদাদুল হক ডাকাতবেশি ভাড়াটিয়াদের নাম ধাম না জেনে ব্যাংকের উপরের ৩য় তলা ভাড়া দেন। তারা মাসিক ভাড়া ১৬ হাজার টাকা। এক মাসের ভাড়া অগ্রিম দেয় তারা।
সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ বিসমিল্লাহ কনজুমার্স গ্রুপের নামে ভাড়া নেওয়া হয়। তারা এখন অফিস ছেড়ে পালিয়েছে।
পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, একই কৌশলে ঝালকাঠিতে ব্যাংক ডাকাতি হয়েছে। ডাকাত দল অত্যন্ত পেশাদার ও দক্ষ। তারা বেশ কিছুদিন ধরে পরিকল্পনা করেছিল।
সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও তিনি জানান।
