২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ঘুষিতে প্রতিবেশীর মৃত্যু 

রংপুরের পীরগাছা উপজেলায় ঘুষিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার এ ঘটনায় নিহত আব্দুল কুদ্দুস (৫০) তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিম দেবু গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রওশন জমির সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন কবীরের ভগ্নিপতি লিটন মিয়ার কাছ থেকে দুই হাজার ৮০০ টাকা ধার নিয়েছিলেন আব্দুল কুদ্দুস।

এক মাসেও টাকাটা পরিশোধ না করায় শনিবার বেলা ১২টার দিকে টাকা চাইতে আসেন লিটন। এনিয়ে কুদ্দুসের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে কুদ্দুসের গালে ঘুষি মারেন হুমায়ুন। এতে ঘটনাস্থলেই কুদ্দুসের মৃত্যু হয়।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রক্রিয়া চলছে।