ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে হামলা
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মো. বেলায়েত হোসেনের বাড়ির কার্যালয়ে হামলা চালিয়েছে এক যুবক।
শনিবার সকালে হামলার পর মাসুদ মোল্লা (৩০) নামে ওই যুবককে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানিয়েছেন।
ভাটিকানাইপুরে বেলায়েতের দোতলা বাড়ি রয়েছে। বাড়ির নিচতলায় তার কার্যালয় রয়েছে, যেখানে হামলা হয়। তখন চেয়ারম্যান ছিলেন দোতলায়।
বেলায়েত সাংবাদিকদের বলেন, মাসুদ ধারালো অস্ত্র হাতে ঢুকে চেয়ার, টেবিল ও টেলিভিশন ভেঙে ফেলে।
তিনি দাবি করেন, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তার বাড়িতে এই হামলা হয়েছে।
“আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে ইতোপূর্বে। এ ব্যাপারে আমি থানায় জিডিও করেছি।”
একই এলাকার মাসুদ মোল্লা সন্ত্রাসী ও মাদক কারবারি বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান।
হামলার পরপরই স্থানীয়রা মাসুদকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে বলে
ওসি মোহসিনুল হক জানান।
মাসুদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
