নারায়ণগঞ্জে কারখানায় চুরি, আটক ৬
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ডেনিস কনডেন্সড মিল্ক কারখানায় চুরির ঘটনায় ছয় নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর এলাকার শিমরাইলে অবস্থিত ওই কারখানা থেকে অর্ধ কোটি টাকার মালামাল চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় কারখানার নিরাপত্তাকর্মী মো. শামিম, ইব্রাহিম, হাবিবুর রহমান, ফখরুল ইসলাম, ইয়াছিন মিয়া ও সিকিউরিটি সুপারভাইজার আমির উদ্দিনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে আটকরা দাবি করছে, সংঘবদ্ধ চোরের দল তদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা চোখ বেঁধে কারখানার ভেতর থেকে মালামাল চুরি করে নিয়ে যায়।
কারখানার উপ-ব্যবস্থাপক আব্দুস সাত্তার জানান, ঈদের ছুটির সুযোগে সংঘবদ্ধ চোরের দল কারখানার ৫৩ বান্ডিল তামার তার নিয়ে গেছে। ঘটনার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের কেউ জড়িত থাকতে পারে।
কারখানায় থাকা সিসি ক্যামেরার ছবি থেকে চোরদের চিহ্নত করা যাবে বলেও জানান তিনি।
