প্রধানমন্ত্রীর প্রস্তাবেই সমঝোতার পথ: এফবিসিসিআই
নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করে বিরোধীদল জনগণকে সুস্থ ধারার রাজনীতি উপহার দিবে বলে আশা প্রকাশ করেছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আকরাম উদ্দিন আহমদ বলেন, “প্রধানমন্ত্রীর প্রস্তাবের মাধ্যমে সমঝোতার রাজনীতির পথ প্রশস্ত হয়েছে। বিরোধীদল এ প্রস্তাব গ্রহণ করলে জনগণের পাশপাশি ব্যবসায়ীরাও উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য থেকে বেরিয়ে আসার সুযোগ পাবে।”
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ অনেক নির্বাচন হয়েছে। আগামীতেও এ নির্বাচন কমিশনের অধীনে আর যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোও নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করি।”
