ব্যাংকের নিরাপত্তারক্ষী খুন, ৭২ লাখ টাকা লুট
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংকের নিরাপত্তারক্ষীকে খুন করে ৭২ লক্ষাধিক টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংক থেকে আয়ুব হোসেন (৫০) নামের এই নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।
আয়ুব হোসেন যশোর সদরের রাজারহাট কচুয়া গ্রামের প্রয়াত বাবু শেখের ছেলে।
ব্যাংকের ম্যানেজারের মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে আইয়ুব হোসেনের ডিউটি ছিল। শুক্রবার সকালে অন্য সিকিউরিটি গার্ড এসে ব্যাংকের প্রধান প্রবেশ পথের গেট তালাবদ্ধ দেখে ডাকাডাকি করেন।
কিন্তু তার সাড়া শব্দ না পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।
ঈদের ছুটিতে সবাই বাড়ি থাকায় সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক এবং সদর থানার ওসি লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
ব্যাংকের ম্যানেজার আরো জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ডাকাতরা তাকে হত্যা করে টাকা লুট করে নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, ব্যাংকের ভোল্টে ৭২ লাখ ১১ হাজার টাকা ছিল।
ডাকাতরা সিকিউরিটি গার্ডকে শ্বসরোধে হত্যা করে ভোল্ট ভেঙে টাকা লুট করেছে। এরপর বাইরে তালা দিয়ে চলে যায়।
শুক্রবার সন্ধ্যায় তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের কপালে কাটা চিহ্ন পাওয়া গেছে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, একটি কনজ্যুমার দ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের নামে ডাকাতরা ব্যাংক বিল্ডিং এর ৩য় তলা ভাড়া নেয় ২৯ সেপ্টেম্বর।
ঈদের দু দিন আগে তারা ওই ভবনে অবস্থান নেয়।
ধারণা করা হচ্ছে, তারা গার্ডের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে সুযোগ বুঝে নাইট তাকে হত্যা এবং টাকা লুট করে।
