৭ টুকরো লাশের পরিচয় মেলেনি, মামলা
রাজধানীর ভাসানটেক এলাকা থেকে উদ্ধার করা সাত টুকরো লাশের পরিচয় মেলেনি এখনো।
হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে ভাসানটেক থানার উপপরিদর্শক কাজী শফিকুল ইসলাম বাদি হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের নামে ভাসানটেক থানায় একটি মামলা করেছেন।
বৃহস্পতিবার বিকালে ভাসানটেকের ধামালকোট ভূমি উন্নয়ন প্রকল্প এলাকার ভেতরে অজ্ঞাত পরিচয় নারীর লাশের সাতটি টুকরো উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য টুকরোগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ভাসানটেক থানার ওসি হোসনে আরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রজেক্টের পশ্চিম পাশের দেয়ালের ভেতরে টুকরোগুলো এলোমেলোভাবে পড়েছিল। ঘটনাস্থলে তিন জোড়া স্যান্ডেল ও একটি চাপাতি পাওয়া গেছে।”
ওসি জানান, অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে, দুই তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। আশপাশে কোনো পোশাক পাওয়া যায়নি।
“ঘটনাস্থলে পাওয়া স্যান্ডেলগুলো খুনিদের হয়ে থাকতে পারে। কারা এঘটনা ঘটিয়েছে, নিহতের পরিচয়ই বা কি- তা আমরা তদন্ত করে দেখছি।”
তিনি বলেন, ঘটনার একদিন পার হলেও খোঁজ নিতে কেউ থানায় আসেননি।
এবিষয়ে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা করেছে বলে তিনি জানান।
