২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি দিলওয়ার বাংলার সরল হৃদয়ের প্রতিচ্ছবি: মুহিত

কবি দিলওয়ারকে সারা বাংলার সহজ-সরল মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি হিসেবে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 12:57 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

তিনি বলেছেন, “তিনি (দিলওয়ার) শুধু সিলেটের জন্যেই গৌরবের ছিলেন না, তিনি ছিলেন সারা বাংলার সহজ-সরল মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি। তাকে গরিবের কবি কিংবা দরিদ্রের কবি বললে খুশী হতেন না, গণমানুষের কবি বললে তিনি স্বস্তিবোধ করতেন।”

বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের জ্যামাইকায় তাজমহল নামে একটি রেস্টুরেন্টে কবি দিলওয়ারের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণে অর্থমন্ত্রী বলেন, “গত ২৯ সেপ্টেম্বর আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। সে সময় অবচেতন ছিলেন এই কবি। সর্বশেষ তিনি আমাকে টেক্সট মেসেজে আমাদের প্রিয় নবী হযরত মুহম্মদ (স.) এর একটি উক্তি পাঠিয়েছিলেন।”

এক পর্যায়ে অশীতিপর মুহিত কিছুটা আবেগাক্রান্ত হয়ে বলেন, “কবি দিলওয়ারের বড়ভাই আজমত আমার সহপাঠী ছিলেন। সে সুবাদে তিনি ছিলেন আমার অনুজ। অথচ তিনি আমার আগেই চলে গেলেন।

“হৃদয়স্পর্শী গান ও কবিতায় তিনি বেঁচে থাকবেন অনাদিকাল।”

প্রয়াত এই গণমানুষের কবির স্মৃতিচারণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত একেএ মোমেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কবি দিলওয়ারকে বাঙালিরা সারাজীবন স্মৃতিতে লালন করবেন।

তার বক্তব্যের মাঝেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম সিলেটের কীন ব্রীজের নাম ‘কবি দিলওয়ার কীন ব্রীজ’ রাখার প্রস্তাব করেন।

মুক্তিযোদ্ধা যুবকমান্ড এবং ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশের সেক্রেটারি জাকারিয়া চৌধুরী বলেন, “ভৌগলিক সীমারেখায় বিশ্বাসী ছিলেন না এই কবি। তার কাব্য এবং সঙ্গীতে গণমানুষ এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছে সর্বক্ষণ।”

হযরত শাহজালাল (র.) স্মৃতি পরিষদ ও সিলেট মহানগর উন্নয়ন পরিষদ যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করে।

ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মাসুদুল হাসান, সাইফুল ইসলাম রহিম, কামরুদ্দীন আহমদ, রিফাত আক্তার মিশু ও শিবলী সাদেক শিবলু।

অনুষ্ঠান পরিচালনা করেন কবি দিলওয়ারের প্রবাসী পুত্র ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সেক্রেটারি শাহীন ইবনে দিলওয়ার।

পুরনো খবর:

কবি দিলওয়ার আর নেই