২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে হত্যার পর স্ত্রীর কেরোসিন পান

বাগেরহাটের রামপালে ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার পর এক নারী কেরোসিন পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 11:11 AM

Updated : 25 Apr 2022, 07:24 PM

ওই দম্পতির ছেলের কথায় পুলিশের ধারণা হয়েছে, অনটনের সংসারে দাম্পত্য কলহের জের ধরেই এ মর্মান্তিক ঘটনা। 

শুক্রবার ভোরে পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন জানান।

নিহত শেখ সিরাজুল ইসলাম (৩৭) পেশায় ছিলেন দিনমজুর।

তার স্ত্রী হালিমা বেগমকে (৩২) রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।

তাদের বড় ছেলে শেখ সোহেলের বয়স ১২। আর মেয়ে জান্নাতের বয়স ৪ বছর।

ছেলে-মেয়ে ও প্রতিবেশীদের বরাত দিয়ে রামপালের ওসি জানান,

সোহেল ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যাওয়ার পর হালিমা ভাত খাওয়ার কথা বলে তার মেয়েকে ঘর থেকে বারান্দায় নিয়ে যান। এরপর রান্নাঘর থেকে বটি নিয়ে ঘরে ফিরে ঘুমন্ত সিরাজুলকে হত্যা করেন।

স্বামীকে খুন করার পর নিজেও কেরোসিন পান করেন হালিমা। মসজিদ থেকে বাড়ি ফিরে কিশোর সোহেল বাবা-মাকে ওই অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়।

পরে গ্রামের লোকের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিরাজুলের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। অসুস্থ হয়ে পড়া হালিমাকেও হাসপাতালে পাঠানো হয়।

হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

সোহেলের বরাত দিয়ে ওসি দাউদ হোসেন বলেন, দিনমজুর সিরাজুলের রোজগারে সংসার ঠিকমতো চলতো না। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকত।

এরই জের ধরে সিরাজুল স্ত্রীর হাতে খুন হয়েছেন বলে ধারণা করছেন ওসি।