২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেঁতুল হুজুরদের বর্জন করেই লালন চর্চা’

লালন চর্চা করতে হলে তেঁতুল হুজুরদের বর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 12:25 AM

Updated : 25 Apr 2022, 07:24 PM

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় লালন একাডেমী আয়োজিত পাঁচদিনের লালন মেলার উদ্ধোধন অনুষ্ঠানে জাসদ সভাপতি একথা বলেন।

ইনু বলেন, যারা জঙ্গিবাদে ও সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তারা কচুরিপনার মতো। কচুরিপানার পানির নিচে কোনো শিকড় নেই। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে বেড়ায়।

“সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও তেঁতুল হুজুররা তেমনি ভাসমান কচুরিপনার মতো। তাদের ইতিহাস নেই, ঐতিহ্য নেই, শিকড় নেই। তারা ভাসমান।”

কচুরিপানা যেমন বানের পানির সঙ্গে ঢুকে ফসল নষ্ট করে, তেমনি সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ এবং তেতুল হুজুররা দেশের ইতিহাস ঐতিহ্য নষ্ট করছে বলে মনে করেন তথ্যমন্ত্রী।

তাই যারা লালনের চর্চা করে, লালনকে নিয়ে অহংকার করে তাদের উচিত সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ এবং তেতুল হুজুরদের বর্জন করা, বলেন তিনি।

ফকির লালন শাহের ১২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়াতে লালন আখড়ায় ৫ দিনব্যাপী লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার।

বুধবার শুরু হয় আগত বাউলদের সাধু সংঘ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালন গবেষক ও লেখক ড. আনোয়ারুল করিম, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাউল ফেরদৌস।