মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১
কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ হামলায় নিহতের বাবাও গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে মহেশখালী ইউনিয়নের দক্ষিণ সিপাহীর পাড়া গ্রামে এ হামলায় নিহত জাফর আলম (৪০) স্থানীয় কবির আহমদের ছেলে।
আহত কবির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ছেলে জাফর আলমের বাড়িতে কক্সবাজার থেকে দুইজন লোক বেড়াতে আসেন। ওই মেহমানদের সঙ্গে স্থানীয় আব্দুস শুকুর নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রাত ৮টার দিকে আব্দুস শুক্কুর তার খালাত ভাই আবু হেনাসহ হামলা চালায়। আবু হেনার গুলিতে জাফর আলম ঘটনাস্থলে নিহত হন এবং তিনি আহত হন।
মহেশখালী থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
