২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যায়

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ-আশঙ্কার মধ্যেই শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 04:54 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

তার প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করা হবে।  

গত মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেয়ার পর দেশে ফিরে বিমানবন্দরে এক নাগরিক সংবর্ধনায় শেখ হাসিনা বলেছিলেন, সকল বিভ্রান্তি দূর করতে শিগগিরিই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

সংবিধান অনুযায়ী আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হওয়ার কথা। এই সময়ে সরকারে থাকবে আওয়ামী লীগ, সংসদও বহাল থাকবে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে জানিয়েছেন, আগামী ২৪ অক্টোবরের পর নবম সংসদের চলতি অধিবেশন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই, যদিও নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতারা ২৪ অক্টোবরের পর দেশ অচল করে দেয়ার হুমকি দিয়ে আসছেন।

এ দাবিতে ২৫ অক্টোবর রাজধানীতে জনসভার ঘোষণা দিয়ে সেদিন দা, কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।

বুধবার ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়ের সময় আলোচনার সম্ভাবনা নিয়ে দুই  নেত্রীর কাছ থেকেই ইতিবাচক সাড়া এলেও সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সহিংসতার শঙ্কা ও উদ্বেগ কাজ করছে । 

গত রোববার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধানে ৯০ দিন আগে নির্বাচনের কথা বলা হয়েছে। এখানে শুরুর ৬০ দিনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

“পার্লামেন্ট বসতেই পারবে না- এটা কোথাও বলা নেই। নির্বাচনের শিডিউল ঘোষণা করার আগের দিন পর্যন্ত সংসদ চলতে পারে। যদি না রাষ্ট্রপতি সংসদ না ভাঙে।

“পার্লামেন্ট যদি ভেঙেও দেয়া হয়, তারপরও কিন্তু রাষ্ট্রপতি পার্লামেন্ট ডাকতে পারেন। যদি কোনো ইমার্জেন্সি সামনে দেখা দেয়, তাহলে ওই পার্লামেন্টই ডাকা যেতে পারে।”

তবে বিএনপি সংসদে এসে প্রস্তাব দিলে তা নিয়ে আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেছেন শেখ হাসিনা।

বুধবার গণভবনে ঈদের শুভেচজ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন,  “আমাদের দরজা আলোচনার জন্য সব সময় খোলা। প্রস্তাব দিলে আলোচনা হবে। সংসদে আসুক। মুলতবি প্রস্তাব দিক। আলোচনা হবে।”

বিএনপি নেতারা ২৫ অক্টোবর চূড়ান্ত আন্দোলনের যে হুমকি দিচ্ছেন- তা ‘খামোখা’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী।

অন্যদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা বলেন, “আমরা দেশে কোনো সংঘাত ও অশান্তি চাই না। নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। সরকারকে বলব- আসুন এখনো সময় আছে, আলাপ-আলোচনার মাধ্যমে দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করি।”

তবে ২৫ অক্টোবর জনসভা করার সিদ্ধান্তে অনড় থাকার কথাও জানান বিরোধী দলীয় নেতা।

পুরনো খবর:

এখনো আলোচনার সময় আছে: খালেদা
সংসদে প্রস্তাব দিলে আলোচনা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ভাষণ দিলে বিভ্রান্তি কাটবে: সুরঞ্জিত