সিরাজগঞ্জে যুবলীগ নেতা নিহত
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুপক্ষের সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
বুধবার রাতে নিহত মোতালেব হোসেন টিক্কা (৩৭) এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। তিনি স্থানীয় জুড়ান মন্ডলের ছেলে।
নারীঘটিত বিষয় নিয়ে এ সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটে বলে তার স্বজনরা জানিয়েছেন।
এনয়েতপুর থানার উপ-পরিদর্শক বেনু রায় জানান, বেতিলের স্টার সিনেমা হলের মালিক রাশেদুল ইসলাম রাসেলের ছোট ভাই রানা (২৬) তার চাচাতো বোনকে নিয়ে ঈদের দিন দুপুরে বেতিল চরে বেড়াতে যান।
টিক্কার ছোটভাই সেখানে ওই মেয়েকে কটুক্তি করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জেরে রাত ৮টার দিকে বেতিল স্টার সিনেমা হলের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ সময় সংঘর্ষ থামাতে গেলে যুবলীগ নেতা মোতালেব হোসেন টিক্কাকে প্রতিপক্ষের যুবকরা ছুরিকাঘাত করে।
আশংকাজনক অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরো জানান, লাশ উদ্ধারের পর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের শ্যালক বাদী হয়ে মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
