২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরা মৌসুমি কসাই

কোরবানির আগের দিন সন্ধ্যায় জিনজিরা বাজারে কয়েকজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছেন। প্রথমে গরুর হাটের লোক বলে মনে হয়েছিল। কিন্তু পরক্ষণেই বোঝা গেল তারা কোরবানির সময় কসাইয়ের কাজ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 11:04 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

একজনকে জিজ্ঞেস করতেই বলেন, “আমরা ঈদে কে কোথায় কাজ করব তা ঠিক করা আছে। এখান থেকে আমাদেরকে কাজ বণ্টন করা হবে।”

বদরুলের বাড়ি বরিশাল। পুরান ঢাকায় কুলির কাজ করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদে রহিম নামে একজনের সঙ্গে কসাইয়ের কাজ করে তিনি বাড়ি যাবেন।

তার সঙ্গে থাকা আব্দুল ও পেয়ার আলীও রহিমের সঙ্গে পুরান ঢাকায় কাজ করেন। তারা দুজনও পশু জবাইয়ের কাজ করে বাড়ি যাবেন বলে জানান।

মান্দাইল বাজারের কসাই ইদ্রিস আলী বলেন, তার হাতে বিশজন যুবক আছেন। তারা অন্য পেশার সঙ্গে জড়িত হলেও ঈদে তার সঙ্গে কসাইয়ের কাজ করবেন।

ওইসব যুবক কসাইয়ের কাজ করতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি তো তাদের সঙ্গে থাকবই। আমার নির্দেশ অনুযায়ী তারা কাজ করবে।”

মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কর্মচারী মজিবুর রহমান বলেন, ঈদের সময় কসাই পাওয়া খুবই কঠিন। মহল্লার এক যুবক তার গরুটি আরো কয়েকজন যুবককে নিয়ে তৈরি করে দেবে। পারিশ্রমিক হিসেবে তাদেরকে সাড়ে তিন হাজার টাকা দিতে হবে।

তবে কেরানীগঞ্জের ওষুধ ব্যবসায়ী ইমাম হোসেন গরু কেনার পর থেকে দুদিন ধরে খুঁজেও কোথাও কসাই পাচ্ছেন না বলে জানান।

কসাই না পাওয়ার কথা বললেন মতিঝিল টিএনটি কলোনির রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, কসাইয়ের জন্য কয়েকটি বাজারে গিয়ে কোথাও পাওয়া যায়নি।

কামারাঙ্গীর চরের সাইদুল মাদবর বলেন, গরুর দাম পঞ্চাশ হাজার টাকা। তাই কসাইকে পাঁচ হাজার টাকা দিতে হবে। এই শর্তে চারজন কসাই ঠিক করেছি।

চারজনই পেশাদার কসাই কি না জানতে চাইলে তিনি বলেন, একজন ‘জাত কসাই’, বাকি তিন তার সহযোগী।

বাংলাদেশ হাইডস অ্যাণ্ড স্কিনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আফতাব খান বলেন, অদক্ষ কসাইদের কারণে প্রতি বছর প্রায় আট শতাংশ চামড়া নষ্ট হয়।

তিনি বলেন, আগে প্রায় বিশ শতাংশ চামড়া নষ্ট হতো। তবে অনেক সেমিনারসহ নানা প্রচারণার কারণে এখন আর তত চামড়া নষ্ট হয় না।