চট্টগ্রামে ‘অবহেলায়’ মা-শিশুর মৃত্যু
চট্টগ্রাম নগরীতে হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল ১০টার দিকে আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে উর্মি দে (২৫) ও তার নবজাতকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
চিকিৎসকের অবহেলায় এ মৃত্যুর অভিযোগ তুলে তাদের শাস্তির দাবিতে হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছেন তাদের স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
তবে অতিরিক্ত রক্তচাপের কারণে মা ও শিশুর মৃত্যু হয়েছে ওই হাসপাতালের চিকিৎসকরা দাবি করছেন।
মৃত উর্মি নগরীর খলিফাপট্টি এলাকার লিটন দের স্ত্রী। পুলিশ এ দুজনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
লিটনের বন্ধু পলাশ রুদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার প্রসব বেদনা শুরু হলে উর্মিকে জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। ওইদিন কয়েকবার প্রসব বেদনা উঠলেও চিকিৎসকরা অপারেশন না করে অন্য একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বুধবার সকালে উর্মিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলে সেখানেই মা ও সন্তানের মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মির্ সায়েম মাহমুদ জানান, চিকিৎসকের অবহেলার মা ও শিশুর মৃত্যুর অভিযোগে প্রসূতির স্বজনরা বিক্ষোভ করেছে।
পরে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা শান্ত হয় বলে জানান তিনি।
