গাজীপুরে বর্জ্য সাফের দায়িত্বে নাগরিকরাও
পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় গাজীপুর সিটি করপোরেশনের অনেক এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্ব নিতে হচ্ছে নাগরিকদের।
গাজীপুর সিটি কর্পোরেশনের (টঙ্গী অঞ্চল) বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক মদন চন্দ্র দাশ জানান, প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামোর অভাবে গাছা-পূবাইল, কোনাবাড়ি-কাশিমপুর জোনের বেশিরভাগ এলাকাই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচির বাইরে থাকছে।
এবার সিটি কর্পোরেশনের পাঁচটি জোনের মধ্যে টঙ্গী, গাজীপুর ও বাসন-কাউলতিয়া জোনের কিছু অংশে কোরবানির বর্জ্য অপসারণ করা হচ্ছে বলে জানান তিনি।
এই কর্মকর্তা বলেন, পুরো এলাকার জন্য দুজন বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক, প্রায় তিনশ পরিচ্ছন্নতাকর্মী এবং ১২টি ট্রাক রয়েছে। স্বাভাবিক সময়েও সিটি কর্পোরেশনের অনেক এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে বোর্ডবাজার, চান্দনা-চৌরাস্তা মোড়, ভোগড়া ও গাজীপুর জেলা শহরের বিভিন্ন স্থানে ময়লা ফেলে থাকে।
ভোগড়া এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, “আমাদের ট্যাক্স দিতে হচ্ছে ঠিকই। কিন্তু গাজীপুর সিটির নাগরিক সুবিধা কপালে জুটছে না।”
রাস্তার আশপাশে, বাড়ির অলি-গলিতে পড়ে থাকা আবর্জনা পঁচে দুর্গন্ধ ছড়ায় উল্লেখ করে তিনি বলেন, এসব ময়লা আবর্জনা তাদেরই পরিষ্কার করতে হয়।
ঈদের দিন বিকেলে এবং পরদিন সকাল-সন্ধ্যা কোরবানির বর্জ্য অপসারণ এবং রক্তমাখা স্থানে ব্লিচিং পাউডার ছিটাবে সিটি করপোরেশনের পরচ্ছিন্নতাকর্মীরা।
