২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে পায়েস-মুড়ি, রাতে মাংস-পোলাও

ফাঁসির অপেক্ষায় থাকা পাঁচ যুদ্ধাপরাধীর এবার কোরবানির ঈদ কাটছে কারাগারে।

আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 02:02 AM

Updated : 25 Apr 2022, 07:23 PM

এদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার আছেন চারজন, আর নারায়ণগঞ্জ কারাগারে একজন।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, কারাগার-১ এ মোট বন্দি ৯৮০ জন।

তাদের মধ্যে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ৭৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

এছাড়া যুদ্ধাপরাধ মামলার আসামি জামায়াত নেতা সাবেক কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী, আব্দুস সোবহান, একেএম ইউসুফও এবং গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও এ কারাগারেই বন্দি আছেন।

বুধবার সকালে এ কারাগারে দুটি ঈদ জামাতে নামাজ পড়বেন তারা।

ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ মোট বন্দি এক হাজার ৭৫০ জন। তাদের মধ্যে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানসহ ৮৬ জন মৃত্যুদণ্ডের অপেক্ষায়।

এছাড়া আমার দেশের ভারপ্রপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, মীর কাসেম আলী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ঈদের দিনটি এ কারাগারেই কাটাবেন।

এ কারাগারে ঈদের চারটি জামাত হবে বলে কারা তত্বাবধায়ক জানান।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দির সংখ্যা ১ হাজার ৩৯৭ জন, যাদের মধ্যে ৪৭৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত।

বিডিআর বিদ্রোহ মামলার আসামি বিএনপি নেতা মো. নাসির উদ্দিন পিন্টু ছাড়াও ভারতের উলফা নেতা অনুপ চেটিয়া ও লক্ষ্মীপ্রসাদ রয়েছেন এ কারাগারে।

এ কারাগারে একটিমাত্র জামাত হবে এবারের ঈদে।

এবারো কারাবন্দিদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে।

কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির জানান, সকালে কয়েদিদের পায়েস-মুড়ি, দুপুরে সাদা ভাত, মাছ, সব্জি ও ডাল এবং রাতে পোলাও, মাংস, মাছ, সালাদ, মিষ্টি ও পানসুপারি দেয়া হবে।

যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির আদেশ পাওয়া আরেক জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ঈদ কাটবে নারায়ণগঞ্জ কারাগারে।

কারা উপ মহাপরিদর্শক গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মোট ২৭ জন ফাঁসির আসামি আছেন, যাদের মধ্যে তিনজন নারী।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে ৯০ বছরের সাজাপ্রাপ্ত সাবেক জামায়াত আমির গোলাম আযম এবং অমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা আব্দুল আলীমকে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।