মংলায় ওয়ার্ড যুবলীগ নেতা খুন
বাগেরহাটের মংলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবলীগের এক স্থানীয় নেতা নিহত হয়েছেন।
মংলা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মংলা শহরের শেলবুনিয়া বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মনির মীরের (২২) বাড়ি মংলা পৌরসভার রাতারাতি কলোনিতে। বাবার নাম সোহরাব মীর।
মনির পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ সাধারণ সম্পাদক ছিলেন বলে ওসি জানান।
তিনি বলেন, মনির রাতে স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার বুকের বাঁ দিকে ছুরি মারে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে মনিরকে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি ওসি।
