ইলিশ ধরায় বরগুনায় ২৬ জনের দণ্ড
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় বরগুনার ২৬ জেলেকে এক থেকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে ওই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম ও সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান।
দেড় বছরের দণ্ডপাওয়া জেলেরা হলেন- ছোটবগীর আবদুল জব্বার, পান্না সিকদার, পনু সিকদার, হারুন জোমাদ্দার, মৌ পাড়ার আবদুল খালেক, আবুল কালাম, আইউব আলী গোলন্দাজ, আবদুর রশিদ ফকির ও রুহুল আমিন গোলন্দাজ।
পরীর খালের কামাল হোসেনকে দেয়া হয়েছে এক বছর দুই মাসের কারাদণ্ড।
এছাড়া রায়েরতবক গ্রামের আল-আমিন, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, বায়েজিদ, নাজমুল ফরাজি, মামুন মিয়া, শাহিন সিকদার, আবুল হাসান, মোফাজ্জেল হোসেন ও মামুন সিকদারকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সদর থানার ওসি শীলমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে সাজাপাওয়া জেলেদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রজনন মওসুমের কারণে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর টানা ১১দিন মা ইলিশ শিকার নিষিদ্ধ করেছে প্রশাসন।
নিষিদ্ধ সময়ে কেউ ইলিশ ধরলে, বেচাকেনা বা পরিবহন করলে,সংরক্ষণ করলে এক থেকে দুই বছরের কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। দ্বিতীয়বার কেউ একই অপরাধ করলে তাকে দ্বিগুণ শাস্তি পেতে হবে।
