নাটোরে ঘরে বোমা বিস্ফোরণে মাদ্রাসাছাত্র আহত
নাটেরের লালপুরে বোমা বিস্ফোরণে এক মাদ্রাসাছাত্র আহত হয়েছে।
আকাশ হোসেন (১৪) নামে ওই কিশোর বোমা তৈরির সময় আহত হয়েছে বলে পুলিশের দাবি। তবে তার পরিবার তা অস্বীকার করেছে।
দুড়দুড়িয়া গ্রামের আকতার হোসেনের ছেলে আকাশ সোমবার সন্ধ্যায় তার বাড়িতে বিস্ফোরণে আহত হয়। তার ডান হাত ঝলসে গেছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ বলেছে, আকাশ নিজ বাড়ির একটি কক্ষে হাত বোমা তৈরি করছিল। বিভিন্ন বিস্ফোরক দ্রব্যের সংমিশ্রণ ঘটিয়ে কৌটার মুখ হাতুড়ি দিয়ে আটকাতে গিয়ে বিস্ফোরণ ঘটে।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।
আকতার হোসেন সাংবাদিকদের বলেন, বোমা বানাতে নয়, দিয়াশলাইয়ের বারুদ দিয়ে পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে তার ছেলে।
দুড়দুড়িয়া মাদ্রাসার ছাত্র আকাশকে প্রথমে রাজশাহী জেলার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক বেনজির আহমেদ বলেন, আকাশের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের মাংস খসে গেছে এবং ওই হাতের সব কটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকাশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
