২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচারে নতুন মাত্রা দিল আওয়ামী লীগ

বিরোধী দল যখন সরকার পতনে ‘চূড়ান্ত’ আন্দোলনের প্রস্তুতিতে, তখন নির্বাচনী প্রচারে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাতে এবার যোগ করেছে নতুন মাত্রা।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 10:45 PM

Updated : 13 Oct 2022, 03:00 PM

দেশে নির্বাচনী প্রচারে একদিন কাগজের পোস্টার, ব্যানার, প্রচারপত্রই মূল উপাদান হলেও এবার দেশের অন্যতম পুরনো দল আওয়ামী লীগ নিয়ে এসেছে তথ্যচিত্র, ভিডিও, গান; যা ছড়িয়ে দিচ্ছে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও।

আওয়ামী লীগের অনেক নেতা একে বলছেন ‘ডিজিটাল’ প্রচার এবং বলছেন, এর কৃতিত্ব শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের এবং তাকে সহযোগিতা করছে শেখ রেহানাপুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এই প্রচারে মুক্তিযুদ্ধের বিষয়াবলি তুলে ধরার পাশাপাশি এই সরকারের উন্নয়নচিত্রও তুলে ধরা হয়েছে। তবে সরকারের এই উন্নয়নচিত্রকে ‘মিথ্যাচার’ বলে সমালোচনা রয়েছে বিএনপি নেতাদের।

সংবিধান অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। তবে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। তাদের পাল্টাপাল্টি অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কাও দেখা দিয়েছে।

বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন বয়কটের হুমকি দিয়ে ২৪ অক্টোবরের পর সরকার পতন আন্দোলনের ঘোষণা দিয়ে বলেছে, নির্বাচনের প্রস্তুতির সময় এখনো হয়নি।

বিরোধী দলের এই ‘রণপ্রস্তুতির’র মধ্যেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে আওয়ামী লীগ এবং তা ইতোমধ্যে মানুষের সামনে এসেছে।

ফেইসবুক এবং ইউটিউবে এরই মধ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিউজিক ভিডিও ‘জয় বাংলা’। বেশ কয়েকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনেও এই গানটি দেখানো হচ্ছে।

এই মিউজিক ভিডিও সম্পর্কে জয় তার ফেইসবুক পাতায় লিখেছেন, “মুক্তিযুদ্ধের সময়ের ধ্রুপদী গানগুলোর কথা আশা করি সবারই মনে আছে। আমাদের স্বাধীনতা যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল তা ১৯৭৫ এর অভ্যুত্থান এবং পরবর্তী সামরিক ও আধা সামরিক শাসন দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিল। আজকের আওয়ামী লীগ সরকার সে অসমাপ্ত বিপ্লবের প্রতিশ্রুতি পূরণ করছে।”

সাইকেলে একদল তরুণ-তরুণীর বাংলাদেশ ভ্রমণের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেয়াকে এই গানে তুলে ধরা হয়েছে। সাইকেল আরোহীদের যাত্রা শেষ হয় রাজধানীর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে।

আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে ‘আপনি জানেন কী’ শিরোনামে ১৭টি প্রামাণ্যচিত্র তৈরি করেছে আওয়ামী লীগ।

একইসঙ্গে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তুলনা করে ১৯টি প্রামাণ্য চিত্র তৈরি করা হয়েছে। যেগুলোর শিরোনাম হল- ‘আপনি ভুলে গেছেন কি’।

এই প্রামাণ্যচিত্র তৈরির সঙ্গে সম্পৃক্ত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপনি জানেন কী এবং আপনি ভুলে গেছেন কি প্রামাণ্যচিত্রগুলোর দৈর্ঘ্য ২০ থেকে ৫০ সেকেন্ড।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ খাতসহ অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, আশ্রয়ন প্রকল্প, কর্মসংস্থান, সমুদ্রজয়, নারীর ক্ষমতায়নসহ ১৭টি বিষয়ে তৈরি হয়েছে ‘আপনি জানেন কী’।

এছাড়াও বিরোধীদলীয় জোট এবং তাদের শরিকদলগুলো ‘নেতিবাচক’ কর্মকাণ্ডের ওপর আরো পাঁচটি প্রামাণ্যচিত্র তৈরি করছে আওয়ামী লীগ।

তৈরি পোশাক শিল্পের নারী শ্রমিকদের ওপর একটি প্রামাণ্যচিত্র এবং গ্রামীণ মহিলাদের স্বাস্থ্যসেবার ওপর নির্মিত ১১ মিনিটের একটি নাটিকাও তৈরি করা হয়েছে ভোটারদের সামনে তুলে ধরতে।

গত মাসে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদের এক বৈঠকে রেদওয়ান মুজিব সিদ্দিক বলেছিলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার জাতীয় নির্বাচনের নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল তার দলের এই নতুন ধরনের প্রচার সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামী নির্বাচনে দলের প্রচারে থ্রিজিসহ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই।”

আওয়ামী লীগের নতুন ধরনের এই নির্বাচনী প্রচারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন দলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, কার্যনির্বাহী সংসদের সদস্য নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।