মুক্তিপণের দাবিতে শিক্ষক অপহরণ
মুক্তিপণের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ির আটঘড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার দুপুরে প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলামের(৪৫) স্ত্রী লিপি সরকার পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন।
মঞ্জুরুল ইসলাম উপজেলা সদরের বৈরীহরিনমারী গ্রামের মৃত আব্দুল জোব্বার মাস্টারের ছেলে।
পলাশবাড়ি থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, অপহৃত শিক্ষককে উদ্ধারসহ অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।
লিপি সরকার জানান, মঞ্জরুল রোববার রাত ৯টার দিকে স্থানীয় কালীবাড়ী হাট থেকে বাজার করে বাড়ি ফিরতে ছিলেন।
পথে পলাশবাড়ি উপজেলার সদরের গাইবান্ধা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
সোমবার সকালে অপহরণকারীরা মোবাইল ফোনে তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে।
