ইলিশ ধরায় চাঁদপুরে ৫ জেলের দণ্ড
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরায় চাঁদপুরে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ তাদের এ শাস্তি দেন।
এরা হলেন- মান্নান (৩৫), রুহুল আমিন (৩২), জাকির (২৮), আব্দুল কাদির (২৬) ও হানিফ মোল্লা (৩০)। এদের মধ্যে মান্নান ও রুহুলকে দুই মাস ১৫ দিন এবং জাকির, কাদির ও হানিফকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়।
উপকূলরক্ষী বাহিনীর (কোস্টগার্ড) স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মাহফুজুল ইসলাম জানান, রোববার রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিশ ধরার জন্য ওই পাঁচ জনকে আটক করা হয়। এ সময় নদী থেকে এক লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম ধরে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।
নিষেধাজ্ঞা অমান্য করলে এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
