গাজীপুরে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে শনিবার ভুল চিকিৎসায় দুই বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
ওই শিশুর নাম রেশমা। তার বাবা মো. সাইফুল ইসলাম স্বপরিবারে স্থানীয় মুনসুরপুর গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইতালী এলাকায়।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, দুই বছরের শিশু রেশমার কোমরের পেছনের একটি টিউমার অপসারণের জন্য তার বাবা সাইফুল ইসলাম শনিবার সকালে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এক দালালের খপ্পরে পড়ে বিকালে রেশমাকে তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজারের আব্দুল বাতেনের ‘আখি মনি ড্রাগ হাউজ’ নামে একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়।
স্বজনরা জানিয়েছেন, সেখানে নিয়ে যাওয়ার পর আব্দুল বাতেন শিশুটির কোমরে তিনটি ইনজেকশন দেয়। এর কিছুক্ষণ পর ব্লেড দিয়ে টিউমারটি অপসারণ করলে রেশমা অজ্ঞান হয়ে পড়ে।
অবস্থার অবনতি হলে সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদ ইকবাল রেশমাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “রেশমাকে মৃত অবস্থায় এখানে আনা হয়। চেতনা নাশক ইনজেকশন দেয়ার কারণে রেশমার মৃত্যু হয়ে থাকতে পারে।”
