সরকারি চাল-গমসহ ইউপি সদস্য আটক
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারি চাল ও গম পাচার কালে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার সন্ধ্যায় উপজেলার উলানিয়া-পাতারহাট সড়কের সাদুয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নূরুল ইসলাম উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য।
মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন জানান, চাঁনপুর ইউনিয়নের দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি-র ৩ বস্তা গম এবং ভিজিএফ-র ২ বস্তা চাল পাচার করছিলেন ইউপি সদস্য নূরুল ইসলাম।
এ সময় স্থানীয় জনতা তাকে চাল ও গম সহ আটক করে।
বস্তাগুলো উপরে খাদ্য বিভাগের সিল রয়েছে বলে জানান ওসি।
