দিনাজপুরে নকল ওষুধ কারখানার সন্ধান
দিনাজপুর শহরের রাজবাটীতে নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে র্যাব কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ, ওষুধ তৈরির রোটেশন মোটর, মেটারিয়াল প্রসেসিং মেশিন জব্দ করেছে। এ সময় একজনকে আটক করা হয়।
আটক রকি কারখানার কর্মচারী বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আবু জহর গিফফারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাজবাটী এলাকায় একটি ভাড়া বাড়িতে সাদেকুল ইসলাম স্বাধীন নামে এক ব্যক্তি “বেঙ্গল আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ” নামের একটি কারখানায় নকল ওষুধ উৎপাদন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে সেখানে অভিযান চালায় জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
এ সময় সেখান থেকে এক হাজার লিটার লিকুইড নকল ওষুধ, বিভিন্ন ওষুধের লেবেল, বোতল, কর্ক, রোটেশন মোটর, মেটারিয়াল প্রসেসিং মেশিন, সেলিং মেশিন ও ১০ লিটার নকল কেমিকেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত নকল ওষুধ, লেবেল, কর্কসহ বিভিন্ন দ্রব্যাদি ধ্বংস করে বাড়িটি সিলগালা করে দেয় বলে জানান তিনি।
