দর্শনায় শিবিরকর্মী নিহতের ঘটনায় পুলিশের মামলা
চুয়াডাঙ্গার দর্শনায় সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরকর্মী নিহত হওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।
শুক্রবার রাতে দামুড়হুদা থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন।
মামলায় ছয়শতাধিক আসামি করে তাদের বিরুদ্ধে হত্যা, হত্যা প্রচেষ্টা ও পুলিশের কাছে বাধা দেয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব।
২৮৯ জনের নাম উল্লেখ এবং সাড়ে তিনশ’ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলায়।
এ মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- দর্শনা দক্ষিণচাঁদপুর গ্রামের সাইফুল ইসলাম ও আবু বক্কর এবং চুয়াডাঙ্গা পলাশ পাড়ার জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার শিবিরের বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম (২৩) নিহত হন।
ওসি আহসান হাবীব বলেন, শিবিরের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য ছয় শতাধিক নেতাকর্মী দর্শনা হল্ট স্টেশন এলাকায় একত্রিত হয়। বিক্ষোভের নামে তারা নাশকতামূলক কাজের পরিকল্পনা করে।
“এ সময় পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে সংঘবদ্ধ জনতা হট্টগোল শুরু করলে তাদের হাতেই খুন হয় রফিকুল।”
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামীর জেলা আমির আনোয়ারুল হক মালিক অভিযোগ করেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা উল্লেখ করে পুলিশ এ মামলা করেছে।
“শিবিরকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে চলে যাওয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে গুলি চালিয়ে রফিকুলকে হত্যা করে।”
এজন্য পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান জামায়াত নেতা।
