সুন্দরবনে হরিণসহ দুই শিকারী আটক
সুন্দরবনে বিরল প্রজাতির দুইটি চিত্রা হরিণসহ দুই শিকারীকে আটক করেছে বন কর্তৃপক্ষ।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক খলিলুর রহমান জানান, শনিবার ভোর ৫টার দিকে বন বিভাগের চরাপুটিয়া ক্যাম্পের কাছে হলদিখালী খাল থেকে আটক করা হয এদের।
এ সময় তাদের কাছ থেকে জবাই করা ও হাত-পা বাঁধা অবস্থায় দুটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের শেখ আবছার উদ্দিনের ছেলে শেখ মনসুর আলী (৫০) ও একই উপজেলার পার গোবিন্দপুর গ্রামের আজাদ শেখের ছেলে মো. মানিক শেখ (২৫)।
এ ঘটনায় চাঁদপাই রেঞ্জের সহকারী স্টেশন কর্মকর্তা আবুল হাসেম বাদি হয়ে বন আইনে একটি মামলা করেছেন।
খলিলুর বলেন, ভোরে বন বিভাগের নিয়মিত টহল দল ওই খালে ভেড়ানো একটি নৌকা দেখে তাতে তল্লাশি চালায় এবং সেখান থেকে দুইটি হরিণসহ তাদেরকে আটক করে।
