লালমনিরহাটে বিএসএফের গুলিতে যুবক নিহত
সীমান্তে হত্যা বন্ধে নয়া দিল্লির বারবার আশ্বাসের পরও ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে আরেক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে শনিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বিজিবি জানিয়েছে।
নিহত হন শাহিনুর ইসলাম (৩০) হাতীবান্ধার আমঝোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বনচৌকি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আকবর আলী সাংবাদিকদের বলেন, শাহিনুর বাড়ির পাশে সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে জিরা আনতে ভারতে গেলে ২১ বিএসএফের ধুমলাখাতা ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিতে ঘটনাস্থলে নিহত হন শাহীনুর। তার লাশ বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির হেফাজতে রয়েছে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বিজিবি কর্মকর্তা বলেন, এখনো তার কোনো জবাব পাওয়া যায়নি।
বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে রয়েছে ভারত।
তার পাশাপাশি ঢাকার প্রতিবাদে বিএসএফের পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার আশ্বাস দেয়া হয়। তবে এরপরও হত্যাকাণ্ড ঘটছে।
