বাবার ভুলে প্রাণ গেল বৃষ্টির
লালমনিরহাটের আদিতমারীতে বাবার ভুলে প্রাণ হারিয়েছে দেড় বছর বয়সী এক শিশু।
আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, শনিবার ভোরে জ্বরের ওষুধের বদলে বাবা জহুরুল ইসলাম ভুল করে কীটনাশক খাইয়ে দিলে মারা যায় বৃষ্টি।
পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, উপজেলার বড়কমলাবাড়ি গ্রামের বাসিন্দা জহুরুলের একমাত্র সন্তান বৃষ্টি। ভোরে তার জ্বর এলে জহুরুল তাড়াতাড়ি করে ওষুধ খাওয়াতে যান। কিন্তু ভুল করে একই জায়গায় রাখা বেগুন ক্ষেতে দেয়ার কীটনাশক খাইয়ে দেন।
পরে হাসপাতালে নেয়ার পথে বৃষ্টির মৃত্যু হয়। লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
