বেনাপোলে কৃষককে পিটিয়ে হত্যা
যশোরের বেনাপোলে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোরে কৃষক বুলু মিয়া (৪০) তিনি মারা যান। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে লাশ পাঠিয়েছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিটিয়ে হত্যার ঘটনা ঘটে থাকলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
নিহত বুলু তিনি যশোর সদরের নারাঙ্গালী গ্রামের আব্দুল ওদুদ মিয়ার ছেলে। তার শ্বশুর আহম্মদ আলীর বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের বাড়িতে থাকতেন তিনি।
নিহতের স্ত্রী সেলিনা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন মারা যাওয়ার আগে তার স্বামী তাকে ঘটনার কথা জানিয়েছেন।
তিনি ও তার স্বজনরা জানান, বুলু মিয়া বৃহস্পতিবার বিকেলে মাঠে কাজ করতে যান। এ সময় তার পায়ে জড়িয়ে একটি গরুর খোটা খুলে গেলে গরুটি পালিয়ে যায়।
পরে গরুর মালিক সাদিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আলী আবুরা(৩২), ময়না মোড়লের ছেলে নাসির উদ্দিন(২৩) ও নাজিম উদ্দিন(২০) বুলুকে পিটিয়ে সাদিপুর মাঠ পাড়ার মসজিদের পাশে একটি বাগানে ফেলে রাখে বলে অভিযোগ করছেন তারা।
ওই সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজির পর অজ্ঞান অবস্থায় মসজিদের পাশে বুলুকে পাওয়া যায়।
টাকার অভাবে ডাক্তারের কাছে না নিয়ে স্থানীয়ভাবে তার চিকিৎসা করা হয় বলেও তার স্ত্রী দাবি করেন।
