২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শিবগঞ্জ থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালাহউদ্দিন (২৫) ওই গ্রামের লাল মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় বিএনপির কর্মী ছিলেন বলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি শাহজাহান আলী জানান।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সালাহউদ্দিন কানসাট থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। ধোবড়া বাজার এলাকায় পৌঁছালে সেখানে ওঁত পেতে থাকা দূর্বৃত্তরা তাকে ধরে একটি আম বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান আলীর অভিযোগ,  ‘আওয়ামী লীগের দুর্বৃত্তরা’ সালাহউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।